সিদ্ধান্তহীনতা

কোন সিদ্ধান্ত নেই; একেবারেই হতবিহ্বল বিমূঢ়

স্থবির, চিরশূন্য যেন; পাহাড়ের মত অটল স্থির।

হিমবাহের মত নেমে আসতে থাকে যন্ত্রণাগুলো

ধারাবাহিকভাবে...

পৌনঃপুনিক হয়ে সীমা ছাড়ায়

বিদগ্ধ বিতৃষ্ণ বিমূর্ত বিবৃত বিধৃত বিস্মৃত –

কিছুটা বিকৃত!

গলিত লাভা পৃথিবীর সীমা ছাড়ায় গড়িয়ে গড়িয়ে

রক্তিম বর্ণে বিধৌত সয় সাগরে

শীতল পানির ঢেউ আছড়ে পড়ে অবোধের মত

ভেবেছিল প্রশমন করতে পারবে তরলাগ্নির উত্তাপ-

পানিও সিদ্ধান্তহীনতায় ভোগে-

কিছুটা বাষ্প হয়ে মুক্তির স্বাদ পেতে চায়

বাড়তে থাকে লবনের ঘনত্ব সমানুপাতিক হারে-

পথহারা মন আবার পথ হারায়

বৈচিত্র্যময় দুঃখের সম্ভারে।

Author's Notes/Comments: 

26th June 2016

View shawon1982's Full Portfolio